ক্যাটাগরি

করোনাভাইরাস: ৫০০ পরিবারের পাশে গোলরক্ষক হিমেল

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বন্ধ রয়েছে খেলাধুলা। ছুটি পেয়ে হিমেল রয়েছেন কিশোরগঞ্জের বাড়িতে।

৩১ বছর বয়সী এই গোলরক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভাইরাস থেকে মুক্ত থাকার নির্দেশনা মেনে সমাজের প্রতি দায়িত্ব পালন করছেন। আর্তের পাশে থাকার পারিবারিক দায়বদ্ধতার কথাও জানালেন হিমেল।

“বাবা (অ্যাডভোকেট জিন্নাতুন ইসলাম) যখন বেঁচে ছিলেন, তখন তাকে সমাজ সেবামূলক কাজ করতে দেখেছি। আমাদের তিন ভাইয়ের মধ্যেও সেটি আছে। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের জন্য পারিবারিক দায়বদ্ধতাও বলতে পারেন।”

“করোনা ভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানোর। পাঁচশ পরিবারকে অন্তত তিন দিনের প্রয়োজনী খাবার দেওয়ার লক্ষ্য আমাদের। এখনও পুরোপুরি পূরণ হয়নি কিন্তু খুব শিগগিরি পূরণ হবে। যদি এর বেশি পরিবারের প্রয়োজন হয়, তাহলেও আমরা যতটা পারি দিব।”

খেলা না থাকলেও কোচ শন লেনের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফিটনেস ধরে রাখার অনুশীলন চালিয়ে যাচ্ছেন হিমেল। সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলছেন। বাকিদেরও তা মেনে চলার পরামর্শ দিচ্ছেন তিনি।

“যারা সাধারণ মানুষ, দিন আনে দিন খায়, তারা কিন্তু করোনা নিয়ে খুব বেশি জানে না। আমি মনে করি, আমরা যারা এর ভয়ঙ্কর দিকটা জানি, তাদের উচিত যারা জানে না, তাদেরকে সচেতন এবং সাহায্য করা। খেটে খাওয়া মানুষগুলো কিন্তু শঙ্কা থাকলেও বেঁচে থাকার জন্যই বাইরে বের হচ্ছে বাধ্য হয়ে।”