ক্যাটাগরি

নরসিংদীর এক বাড়ি ‘লক ডাউন’

বুধবার দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দার টেক গ্রামে এই লক ডাউন জারি করা ছাড়াও আশপাশে চলাচলেও নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ৪০ বছরের এক যুবকের করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক ওই বাড়ি লক ডাউন করে দেওয়া হয়েছে।

“এছাড়া ওই বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

তিনি আরও জানান, ওই ব্যক্তি গত কয়েক দিন আগে নরসিংদী শহরে ইতালি ফেরত তার এক বোনের বাড়ি বেড়াতে যান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হতে পারেন।

আক্রান্ত ব্যক্তি দুই শিশুকন্যা ও স্ত্রী নিয়ে পিরিন্দার টেক গ্রামে বসবাস করে আসছেন। তিনি ঘোড়াশাল প্রাণ কোম্পানির শ্রমিক।

আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য আইইসিডিআরে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে টিম এসে পরীক্ষা করার পর আক্রান্তের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেন বাড়ির আশপাশে যেতে না পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া লকডাউন হওয়া বাড়িতে খাদ্য সামগ্রী সরবরাহ করবে পুলিশ বলেও তিনি জানান।