ক্যাটাগরি

করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন কনিকা কাপুর

‘বেবিডল’ খ্যাত এই গায়িকার পরপর দুইবারের টেস্টে ‘নেগেটিভ’ আসায় সোমবার হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পেয়েছেন বলে এএনআইয়ের বরাতে জানিয়েছে এনডিটিভি।

নিজের জন্মস্থান লখনৌর সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে কয়েক সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও আগামী দুই সপ্তাহ তাকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।

শনিবার পঞ্চমবারের টেস্টে ‘নেগেটিভ’ আসার পর চিকিৎসকরা জানিয়েছিলেন, পরেরবার টেস্টে ‘নেগেটিভ’ এলেই তিনি পুরোপুরি করোনাভাইরাস থেকে মুক্ত হবে। সোমবারের টেস্টেও ‘নেগেটিভ’ আসায় শঙ্কা কাটিয়ে বাড়ি ফিরলেন কনিকা।

গত ৯ মার্চ যুক্তরাজ্য থেকে ফিরে ২০ মার্চ এক টুইটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানান ৪২ বছর বয়সী এ গায়িকা।

বিদেশ থেকে ফেরার পর কোয়ারেন্টিন না মেনে বিভিন্ন পার্টিতে অংশ নেওয়ায় রোগ ছড়িয়ে মানুষের জীবন বিপদাপন্ন করার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লখনৌ পুলিশ।

যদিও কনিকার দাবি ছিল, তিনি যখন ভারতে ফেরেন তখন আইসোলেশনে থাকার নিয়ম চালু হয়নি৷