করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে।
সোমবার দেশের অন্যতম বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে।
রোববার এই অনুদানের চেক হস্তান্তর করেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব আহমদ কায়কাউস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতের যে কোন দুর্যোগের মতোই এবারের এই বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলাতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে মেঘনা গ্রুপ।
ইতোমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, টাঙ্গাইল, যশোর, খুলনা ও শরিয়তপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক, ইউএনও এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ২৫ হাজার প্যাক (প্রতি প্যাকে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবন) ভোগ্যপণ্য বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।