ক্যাটাগরি

বিএনপি নেতা জাফরুল হাসান নেই

জাফরুল হাসান কিডনি জটিলতা ও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “দীর্ঘদিন জাফর ভাই রোগভোগের পর দুপুরে আমাদেরকে ছেড়ে গেছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে
ভুগছিলেন, কিডনি জটিলতাও ছিল।”

আনোয়ার হোসেইন জানান, ঢাকায় জানাজা শেষে জাফরুল হাসানের মরদেহ
ফরিদপুরে শহরে নিয়ে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

জাফরুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিক দলের নেতা-কর্মীদের
মধ্যে শোকের ছায়া নেমে আসে। নভেল করোনা
ভাইরাসের কারণে ‘শাটডাউন’ পরিস্থিতির মধ্যেও অনেকেই তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে
ছুটে যান।

দীর্ঘ ৬০ বছরের বেশি সময় শ্রমিক রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন
জাফরুল হাসান। কর্মজীবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাজ করেছেন। বোর্ডের
সিবিএর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

জাফরুল হাসান বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিক
দলের সাধারণ সম্পাদক ছিলেন।

আন্তর্জাতিক শ্রমিক ফোরাম পিএসআই, আইপিইউসি, সার্ক দেশসমূহের
শ্রমিক ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক শ্রম সংগঠনের প্রতিনিধিও ছিলেন জাফরুল হাসান।

জাফরুল হাসান স্ত্রী শেফালী হাসান, দুই মেয়ে শারমিন হাসান ও নাসরিন
হাসানকে রেখে গেছেন। বড় মেয়ে শারমিন অস্ট্রেলিয়া প্রবাসী।

জাফরুল হাসানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,
ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন শোক প্রকাশ
করেছেন।

জাফরুল হাসানের মৃত্যুতে বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিলস)
চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ ও মহাসচিব নজরুল ইসলাম খানও শোক প্রকাশ করেছেন।

প্রয়াত জাফরুল বিলসের যুগ্ম মহাসচিব ও নির্বাহী পরিচালক ছিলেন।