ক্যাটাগরি

২০ দেশকে বিনামূল্যে ফ্লু-রোধী ওষুধ ‘অ্যাভিগান’ দেবে জাপান

মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশিমিসু মোতেগি এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। পৃথক আরেক সংবাদ সম্মেলনে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োহিশিদে সূগাও একই কথা বলেন।

২০  দেশের মধ্যে রয়েছে, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ইরান, সৌদি আরব ও তুরস্ক। দেশগুলোতে ক্লিনিক্যাল টেস্ট চলছে।

পররাষ্ট্রমন্ত্রী মোতেগি বলেন, “আরো ৩০ টি দেশ এ ওষুধ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। সরকার বিষয়টি দেখছে।”

জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি.-এর অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে পরিচিত ‘অ্যাভিগান’ ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় জাপানেই ব্যবহার হয়ে আসছে।

সম্প্রতি চীন সরকার দাবি করে, এ ওষুধ ‘কোভিড-১৯’ প্রতিরোধে ভাল কাজ দিয়েছে। এরপরই বিশ্বে ওষুধটি নিয়ে তোলপাড় শুরু হয়।

করোনাভাইরাসের উপসর্গের চিকিৎসায় ব্যবহারের জন্য অ্যাভিগান এর কার্যকারিতা এবং নিরাপত্তা যাচাই করে দেখতে জাপানে এর ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে বলে কিছুদিন আগেই জানিয়েছে ফুজিফিল্ম তয়োমা কেমিক্যাল কোম্পানি। ওষুধটি ‘ফ্যাভিপিরাভির’ নামেও পরিচিত।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োহিশিদে সূগা বলেছেন, “সরকার অ্যাভিগান ওষুধটির ক্লিনিক্যাল গবেষণায় ইচ্ছুক দেশগুলোর সঙ্গে ব্যাপক পরিসরে এ গবেষণা করতে চায়।”

তাই জাপান সরকার বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধের অনুরোধ জানানো প্রতিটি দেশকেই তা সরবরাহ করবে বলে জানান সূগা।

ওদিকে পররাষ্ট্রমন্ত্রী মোতেগি জানান, ক্লিনিক্যাল পরীক্ষাধীন ‘অ্যাভিগান’ করোনাভাইরাস কবলিত ২০ টি দেশে প্রাথমিকভাবে জাপান সরকার বিনামূল্যে সরবরাহ করবে।

অ্যাভিগান কেনা ও বিতরণের জন্য জাপান জাতিসংঘ তহবিলে ১০ লাখ মার্কিন ডলারও দেবে। ক্লিনিক্যাল গবেষণার অংশ হিসেবেই দেশগুলোতে ওষুধটি সরবরাহ করা হবে বলে জানান মোতেগি।