ক্যাটাগরি

চট্টগ্রামে বিজয় শিখা প্রজ্জ্বলনে মৌলবাদ রোখার শপথ

বৃহস্পতিবার বিকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সামনে বিজয় শিখা জ্বেলে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে মেলা পরিষদের কো-চেয়ারম্যান নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, “একটি অশুভ শক্তি দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলতে চায়। তারা বঙ্গবন্ধুকে টার্গেট করেছে। তথ্য-প্রযুক্তি, বিজ্ঞানের এই অগ্রযাত্রায় তারা বাঙালির কৃষ্টি-সংস্কৃতি-প্রগতিশীল চেতনা ধ্বংস করতে চায়।

“যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা বঙ্গবন্ধুর খুনিদের সমর্থন দিয়েছিল, তারাই এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। মৌলবাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।”

মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস বলেন, “অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। মৌলবাদীদের আমরা একাত্তরে পরাজিত করেছি। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে মৌলবাদের মূলোৎপাটন করতে হবে।”

নগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, “নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা এই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে প্রকৃত ইতিহাস জেনে নিন। অনেক আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। প্রধানমন্ত্রীর কাছে আবেদন যারা জাতির পিতার ভাস্কর্যে হাত দিয়েছে যেন তাদের কঠোর বিচার করা হয়।”

মেলা পরিষদের যুগ্ম মহাসচিব শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পাল্টু লাল সাহা, জাহাঙ্গীর আলম চৌধুরী, আনোয়ারুল আজিম, সৈয়দ মাহমুদুল হক, আওয়ামী লীগ নেতা চন্দন ধর, মশিউর রহমান, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ন্যাপের মিটুল দাশগুপ্ত, সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু, নুরুল আজিম রনি, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ।

আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধার সন্তানরা বিজয় শিখা প্রজ্জ্বলন করেন। শেষে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় মেলার কার্যক্রম শুরু হয়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এবারের বিজয় মেলায় পণ্য মেলা থাকছে না, ‍শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে আয়োজন।