ক্যাটাগরি

চট্টগ্রামে শিশুদের টিকা দেওয়া শুরু হচ্ছে শনিবার

আগামী শনিবার, ১২ ডিসেম্বর
থেকে ২৪ জানুয়ারি ছয় সপ্তাহব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর আওতায় নয় মাস থেকে
১০ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে
জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিগত ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা
দেশে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন
করেও কোভিড-১৯ পরিস্থিতিরি কারণে ক্যাম্পেইন কার্যক্রম যথাসময়ে পরিচালনা করা সম্ভব
হয়নি।

“জেলার ১৪ উপজেলার
মোট ৪৮৪৩টি কেন্দ্রে মোট ১২ লক্ষ ৭ হাজার ১৪৮ জন শিশুকে এবং নগরীর ৪১টি ওয়ার্ডে সকল
স্থায়ী-অস্থায়ী কেন্দ্রে মোট ৭ লাখ ৫২ হাজার 
৫৬৪ জন  শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া
হবে।”

তিনি বলেন, “যে সকল
শিশু ইতোপূর্বে হাম-রুবেলার টিকা গ্রহণ করেছে সে সকল শিশুদেরকেও ক্যাম্পেইন চলাকালে
এক ডোজ টিকা অতিরিক্ত হিসেবে নিতে হবে। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত
শিশুদের টিকা প্রদান করা হবে।

“হাম সাধারণত আক্রান্ত
রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। শিশু ছাড়াও যে কোনো বয়সে
হাম হতে পারে। রুবেলা রোগের জীবাণু প্রধানত বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে
সুস্থ শরীরে প্রবেশ করে এবং লক্ষণ দেখা দেয়।”

সংবাদ সম্মেলনে জেলা
স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান, জেলা সিভিল
সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার ও বিশ্ব
স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. মো. জাহিদ উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার
সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেমন জেনারেল হাসপাতালে
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সিসিসির
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, মহানগরী এলাকার ৪১টি ওয়ার্ডের
সকল স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৭ লাখ ৫২ হাজার  ৫৬৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।

“এর মধ্যে ৯ মাস থেকে
৫ বছরের কম বয়সী তিন লাখ ১ হাজার ২৬ জন এবং ৫ বছর থেকে ১০ বছরের চার লাখ ৫১ হাজার ৫৩৮
শিশু এক ডোজ করে টিকা পাবে।”

সংবাদ সম্মেলনে বিশ্ব
স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. ইমং প্রু এবং সিটি করপোরেশনের টিকাদান সংশ্লিষ্ট
মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।