ক্যাটাগরি

কার্বন নির্গমন ৫৫% হ্রাসের নতুন লক্ষ্যমাত্রা স্থির করল ইইউ

এবারে ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাসের মাত্রা আগের ৪০% থেকে বাড়িয়ে ৫৫% হ্রাসের লক্ষ্যমাত্রা স্থির করেছেন তারা।

ব্রাসেলসে বৃহস্পতিবার রাতভর আলোচনার পর শুক্রবার সকালে নেতারা এ সিদ্ধান্তে উপনীত হন বলে জানিয়েছে বিবিসি।

কার্বন নির্গমন কমাতে রাজি ইইউ নেতারা

প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা ‘নাগালের মধ্যে’, বলছে গবেষণা
 

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল এতে উচ্ছ্বাস প্রকাশ করে এক টুইটে বলেছেন “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউরোপ নেতৃত্ব দিচ্ছে।”

ইউরোপীয় কমিশন গত সেপ্টেম্বরে কার্বন নির্গমন ৪০% কমানোর পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু কয়েকটি ইইউ দেশ এর বিরোধিতা করে।

জ্বালানি কয়লার ওপর নির্ভরশীল পোল্যান্ড লক্ষমাত্রা আরও বাড়ার ক্ষেত্রে তাদের আর্থিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছিল৷ কয়লা ছেড়ে পরিবেশবান্ধব জ্বালানি নির্ভর হতে যে বিপুল বিনিয়োগ দরকার, তার নিশ্চয়তা চেয়েছিল তারা৷

শেষ পর্যন্ত পোল্যান্ডকে জ্বালানি খাতে পরিবর্তনের জন্য তহবিল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েই নতুন লক্ষ্যস্থির করেছেন ইইউ নেতারা। তাছাড়া, ইইউ’র ২৭ সদস্যদেশ ৫৫ শতাংশ কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্য পূরণে কিভাবে কাজ করতে পারে তা নিয়েও ইইউ কমিশন বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার লিন এক টুইট বার্তায় বলেছেন, “২০৩০ সালের মধ্যে ইউরোপ কার্বন নির্গমন ৫৫ শতাংশ কমাবে৷ এর মধ্য দিয়ে ২০৫০ সাল নাগাদ আমাদের জলবায়ু নিরপেক্ষ হওয়ার পথ সুগম হল। ইইউ জলবায়ু চুক্তির প্রথম বর্ষপূর্তি উদযাপনের এর চেয়ে ভাল উপায় আর হতে পারে না।”

জলবায়ু পরিবর্তন রোধে বায়ুমন্ডলে দূষণ কমানো, বিশেষত, কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাসের বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসাবে ইইউ এ  নতুন পদক্ষেপ নিল।

জলবায়ু চুক্তি বাস্তবায়নের ‘দুর্বল’ নীতিমালায় সমঝোতা

প্যারিসে জলবায়ু চুক্তির খসড়ায় ‘সম্মতি’
 

এর আগে ২০১৬ সালে বিশ্ব উষ্ণায়ন কমাতে সই হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তি। ওই সময় ফ্রান্সের প্যারিসে এক জলবায়ু সম্মেলনে এই শতকের শেষ নাগাদ বিশ্বে উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।