ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, শুক্রবার রাত পৌনে ৪টার দিকে ‘নোয়াখালী বিল্ডিং’ নামের ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, অত্যন্ত সরু রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে সমস্যা হয়।
“ভবনটি পরিত্যক্ত, তবে নিচতলায় প্লাস্টিক কারখানায় ছিল। সেখানেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় যে জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, সেখান থেকে উর্দু রোডের ওই নোয়াখালী ভবনের দূরত্ব বেশি নয়।
উপরের তিনটি তলা পরিত্যক্ত হলেও রাস্তার পাশের ওই ভবনের নিচতলায় দশটি দোকান ছিল। তাছাড়া অনেকগুলো প্লাস্টিকের কারখানা ও গুদাম ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
নোয়াখালী ভবনের পাশেই কয়েকটি বহুতল আবাসিক ভবন রয়েছে। আগুনের তীব্রতা বাড়লে সে ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি ছিল।
আগুন নেভানোর পর ওই ভবনে ঢোকার একমাত্র প্রবেশপথে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ।