ক্যাটাগরি

হংকংয়ের জিমি লাইর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের

পুলিশের বরাত দিয়ে শুক্রবার জিমি লাইয়ের মালিকানার পত্রিকা ‘অ্যাপেল ডেইলি’ তে এ খবর প্রকাশ পায়।

বেইজিংয়ের তীব্র সমালোচকদের একজন লাই। হংকংয়ে বাড়তে থাকা চীনবিরোধিতা দমনে গত জুনে বেইজিং সেখানে জাতীয় নিরাপত্তা আইন নামে একটি কঠোর আইন জারি করে। ওই আইনের অধীনে হংকংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে লাই তাদের মধ্যে সব থেকে প্রভাবশালী।

গত অগাস্টে দুইশ’ পুলিশের এক বিশাল বাহিনী লাইয়ের কার্যালয় ঘিরে ফেলে তাকে গ্রেপ্তার করে। হংকং পুলিশ পরে জানায়, তারা নয়জন পুরুষ এক একজন নারীকে ‘বিদেশি দেশ বা বহিঃশক্তির সঙ্গে আঁতাত করে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলার চেষ্টা এবং প্রতরণার ষড়যন্ত্র করছেন’ সন্দেহে গ্রেপ্তার করেছে। 

হংকংয়ের গণতন্ত্রের পক্ষে সমর্থন অব্যাহত রাখার জন্য তদ্বির করতে লাই ঘন ঘন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গিয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এসব কারণে বেইজিং তাকে ‘বিশ্বাসঘাতকের’ তকমা দিয়েছে। 

অ্যাপেল ডেইলি-র খবরে বলা হয়, শনিবার লাইকে আদালতে উপস্থাপন করা হতে পারে।

লাইয়ের সহযোগী মার্ক সিমন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘তাদের লক্ষ্য জিমি লাইকে আটকে রাখা এবং তার মুখ বন্ধ রাখা।”

হংকং পুলিশের কাছে এ বিষয়ে জানতে রয়টার্স থেকে যোগাযোগ করা হলে তারা সাড়া দেয়নি।

প্রতারণার আরেকটি মামলায় এ মাসের শুরুতে লাইয়ের জামিন আবেদন করা হলে আদালত ওই আবেদন নামঞ্জুর করে।