ক্যাটাগরি

দ্বিতীয় দফায় ‘সবুজ ক্যাম্পাসের’ স্বীকৃতি আইইউবিএটির

বৃহস্পতিবার আইইউবিএটির
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিং ২০২০’ অনুযায়ী
বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান দ্বিতীয়।

নেদারল্যান্ডসভিত্তিক
সংগঠন ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২০ এ দেশের বেসরকারি
এই বিশ্ববিদ্যালয় এ অবস্থান ধরে রেখেছে।

আর বিশ্বের ৮৫টি দেশের
৯১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবিএটি’র অবস্থান ২৫৭তম।  র‌্যাংকিংয়ে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়
প্রথম এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এই র‌্যাংকিংয়ের লক্ষ্য
হল বর্তমান পরিস্থিতি এবং সারা বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রিন ক্যাম্পাস এবং
টেকসই উন্নয়ন সম্পর্কিত নীতিমালার প্রতিফলন তুলে ধরা।

প্রতি বছর মোট ছয়টি
মানদণ্ডের ভিত্তিতে এই র‌্যাংকিং প্রকাশ করে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি
অ্যান্ড রিসার্চ।

মানদণ্ডগুলো হল- অবকাঠামো
(১৫ শতাংশ), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১ শতাংশ), আবর্জনা (১৮ শতাংশ), পানি (১০ শতাংশ),
পরিবহন (১৮ শতাংশ) এবং শিক্ষা-গবেষণা (১৮ শতাংশ)।

আইইউবিএটির যাত্রা
শুরু হয়েছিল ১৯৯১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক ড. এম
আলিমউল্যা মিয়ান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

পরিবেশ উন্নয়নে ও পরিবেশবান্ধব
ক্যাম্পাস নির্মাণে আইইউবিএটির প্রতিষ্ঠাতা সর্বপ্রথম ২০০৮ সালে গ্রিন ক্যাম্পাস হিসাবে
ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিং অনুযায়ী আইইউবিএটি
বাংলাদেশে দ্বিতীয় শীর্ষস্থান অর্জন করেছে।