দক্ষিণ জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে
যে বিপুল কর্মযজ্ঞের সূচনা হয়েছিল, পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে বৃহস্পতিবার
দুপুরে তা পূর্ণ অবয়ব পায়।
সেই থেকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মাপারের
মানুষের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। আতসবাজি পুড়িয়ে আর ফানুস উড়িয়ে দিনটি স্মরণ করে
রাখেন তারা।
জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী শিকদার
বলেন, সন্ধ্যায় শরীয়তপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে নাওডোবা
পদ্মা সেতুর সংযোগ সড়কে আতশবাজি পুড়িয়ে ও ফানুস উড়িয়ে আনন্দ করেন এলাকাবাসী।
মোবারক বলেন, “নাওডোবা এলাকার পদ্মাপারের সাধারণ
লোকজনের মধ্যে খুশির বন্যা বইছে। জমিজমা-ভিটামাটি ছেড়ে দেওয়া এসব মানুষ যখন খবর পায়
মুন্সীগঞ্জের অংশে পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয়েছে তখন তাদের মন থেকে দুঃখ চলে
যায়।
“সকাল থেকেই এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের
আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।”
এলাকার সাধারণ জনগণের সঙ্গে জাজিরা উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও যোগ দেন।