২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে
ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হয়েছেন লেভানদোভস্কি।
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য
বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী
হিসেবে ঘোষণা করা হয় লেভানদোভস্কির নাম।
“আমি খুবই গর্বিত এবং খুশি। সত্যি বলতে এটা
আমার জন্য এবং আমার ক্লাব ও সতীর্থদের জন্যও অনেক বড় একটা দিন। এই পুরস্কার আমার
সতীর্থ, কোচ এবং সর্বোপরি বায়ার্ন মিউনিখের জন্য। এটা
অবিশ্বাস্য অনুভূতি, অনেক আবেগের।”
“এমন একটা পুরস্কার জেতা এবং মেসি ও
রোনালদোর সঙ্গে ভাগাভাগি করা অবিশ্বাস্য। এটা আমার কাছে অনেক কিছু। মনে পড়ছে,
অনেক আগে এটা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল আমার এবং এখন আমি এটা পেয়েছি। এর
অর্থ হচ্ছে, আপনি কোথা থেকে এসেছেন, সেটা
নয়, আপনি কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ।”
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের
নায়কদের একজন ছিলেন তিনি। আসরে গোল করেছিলেন সর্বোচ্চ ১৫টি। জিতেছিলেন বুন্ডেসলিগা
ও জার্মান কাপও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ৫৫ গোল করা গত মৌসুমের
স্মৃতিচারণ করলেন লেভানদোভস্কি।
“এ বছরটা সারা বিশ্বের জন্যই কঠিন… চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জেতা সবচেয়ে আলো ঝলমলে ব্যাপার ছিল… এমন একটা বিশেষ দিন এবং সন্ধ্যা, যা ছিল অবিশ্বাস্য
অনুভূতি। এটা ছিল দারুণ মুহূর্ত।”
“এরপর আমরা কাপ জিতলাম এবং সম্ভাব্য
শিরোপাগুলো পেলাম। আমাদের দারুণ একজন কোচ, দল আছে এবং আমরা
এক লক্ষ্য নিয়ে সবাই কাজ করি।”