ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মডার্নার কোভিড টিকা অনুমোদনে সুপারিশ বিশেষজ্ঞদের

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ওই প্যানেল ২০-০ ভোটে ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ব্যবহারে টিকাটিকে ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেয়।

প্যানেলের এক সদস্য এদিন ভোট দেননি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিশেষজ্ঞদের এ সুপারিশের ফলে এফডিএ শিগগিরই টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেবে বলে অনুমান পর্যবেক্ষকদের; সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রে এ টিকার প্রয়োগ শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে ৩ লাখেরও বেশি মানুষের মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে কয়েকদিন ধরেই ফাইজার/বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে।

গত সপ্তাহে একই বিশেষজ্ঞ প্যানেল ফাইজারের এ টিকাকে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করার পরদিনই এফডিএ ভ্যাকসিনটির জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো চলতি সপ্তাহে মডার্নার ভ্যাকসিনকে নিরাপদ ও ৯৪% কার্যকর বলার পরই টিকাটি নিয়ে বিশেষজ্ঞদের এ সুপারিশ এলো।

যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে মডার্নার এ টিকার ২০ কোটি ডোজ কিনতে সম্মতি দিয়েছে; তার মধ্যে ৬০ লাখ ডোজ এফডিএ’র অনুমোদন পাওয়ার পরপরই সরবরাহ করা হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

মডার্নার টিকা সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় (মাইনাস ২ থেকে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস) ৩০ দিন সংরক্ষণ করা যাবে। আর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে ৬ মাস। যে কারণে এটি বিতরণ করা ফাইজারের টিকার তুলনায় বেশি সহজ হবে।