ফুলতলা থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা
৭টার দিকে তাজপুর গরুর হাট এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত মোল্লা হেমায়েত হোসেন লিপু (৪৫) ফুলতলা ইউনিয়ন আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটুর ভাই। তাজপুর গরুর হাট এলাকায় তার
বাড়ি।
ওসি মাহাতাব বলেন, “লিপু আগে বিপ্লবী কমিউনিস্ট পার্টির
সদস্য ছিলেন। কিছুদিন আগে তিনি পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন।
“সন্ধ্যায় তাজপুর গরুর হাট এলাকায় চার-পাঁচজন লোকের সঙ্গে
দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন লিপু। এ সময় দুটি মোটরসাইকেলে চার-পাঁচজন লোক এসে তাকে গুলি
করে পালিয়ে যায়। স্থানীয়রা লিপুকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক
মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, পুলিশ খুনি ধরার জন্য অভিযান শুরু করেছে। লাশ
ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।