টিকা নিয়ে জনমনে শঙ্কা দূর করা এবং এর কার্যকারিতা ও নিরাপত্তার দিকটি সম্পর্কে সবাইকে আশ্বস্ত করতেই পেন্সের এই টিকা নেওয়ার ভিডিও সম্প্রচার করা হয়।
পেন্সের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াইট হাউসে ক্যামেরার সামনে টিকা নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
গত সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে ফাইজার/বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটিতে প্রথম অনুমোদন পাওয়া এই টিকা করোনাভাইরাস মোকাবেলায় ৯৫ শতাংশ কার্যকর।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স এই টিকার ডোজ নেওয়ার পর বলেছেন,“আমি কিছুই বুঝতে পারিনি। আমি ও ক্যারেন আগেই টিকা নিতে পেরে অনেক খুশি।” টিকার প্রতি মানুষের আস্থা তৈরির চেষ্টা করছেন বলে জানান তিনি।
ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকার প্রথম ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যে সরবরাহ করা শুরু হয়েছে।
আর এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মডার্নার তৈরি দ্বিতীয় আরেকটি করোনাভাইরাসের টিকা অনুমোদনের দ্বারপ্রান্তে আছে। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ প্যানেল ইতোমধ্যে টিকাটি অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে।