ক্যাটাগরি

নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

শুক্রবার সকালে উপজেলার মদনপুর লাওসার এলাকার একটি পুকুরে মো. আরাফাতের (৯) লাশ পাওয়া যায় বলে বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভুঁইয়া জানান।

নিহত আরাফাত লাওসার এলাকার সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মনার ছেলে।

শিশুর স্বজনরা জানান, গত মঙ্গলবার [১৫ ডিসেম্বর] রাত ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল শিশু আরাফাত। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুকুরে আরাফাতের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী এক যুবককে থানায় আনা হয়েছে। নিখোঁজের পর আরাফাতের পরিবার বন্দর থানায় জিডি করেছিল। এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।