ক্যাটাগরি

বিদেশি সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষণ: কাদের

শুক্রবার রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।

কাদের বলেন, “যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তিবলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে অথচ বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন তাদের প্রধান কাজ।

“স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়ে বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষ্মণ।

তিনি বলেন, “দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি। জনগণ এখন অনেক সচেতন, তাদের নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয়না বলে বিএনপি জনগণের উপর প্রতিশোধ নিতে চায়।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তির আগেই আর্থসামাজিক অধিকাংশ সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে  বাংলাদেশ এগিয়ে চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের কথা আলোচনা হয়, তারা এখন বাংলাদেশ হতে চায়। এখানেই একজন মুজিবের আজন্ম সংগ্রামের সফলতা এবং অর্জন। শেখ হাসিনার ম্যাজিক্যাল লিডারশিপ, ক্যারিশম্যাটিক সিদ্ধান্ত মেকিংয়ে বাংলাদেশ আজ বিশ্বসভার বিস্ময় ।

“বিনা যুদ্ধে জয় করেছেন সুনীল সমুদ্র সীমা, লাখো কোটি তরুণের প্রাণে এখন আত্মমর্যাদা বোধের নবস্বপ্ন। খাদ্য ঘাটতির দেশ এখন অর্জন করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, বন্যা, খরা, মঙ্গা, ঘূর্ণিঝড়ের বাংলাদেশ আজ পারমাণবিক বিশ্বের গর্বিত সদস্য। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধুর কন্যারই রয়েছে, তা তিনি প্রমাণও করেছেন।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “পদ্মাসেতু নির্মাণে কোনো প্রকার অনিয়ম হয়নি এবং স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না। আশা করি আগামী ২০২২ সালে পদ্মাসেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করবে।”