বেটফেয়ারে নিজের
কলামে শুক্রবার রোনাল্ড কুমানের দলের বিভিন্ন দিক নিয়ে নিজের মত তুলে ধরেন রিভালদো।
সেখানে কুমানের দলে মেসির ভূমিকা নিয়ে আলোচনা করেন বার্সেলোনার সাবেক এই তারকা।
“রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে মিডফিল্ডে
লিওনেল মেসি ছিল দুর্দান্ত। সে অসাধারণ সৃজনশীলতা দেখিয়েছিল আর এর ফল হিসেবে লিগের
শীর্ষে থাকা দলের বিপক্ষে জয় পেয়েছিল বার্সেলোনা।”
“কিন্তু মেসি সবচেয়ে বেশি যেটা চায়, তা হচ্ছে সামনে খেলতে,
গোল করতে। তাই আমি তার মিডফিল্ডে খেলা আশা করি না। তবে যদি সে মিডফিল্ডে খেলে তাহলে
তার খুব বেশি দৌড়ানোর দরকার নেই। যেহেতু বয়স হচ্ছে, তাই এটা তার ক্যারিয়ারের জন্য লাভজনক
হতে পারে।”
রিভালদোর ধারণা,
মেসিকে নতুন ভূমিকায় খেলাচ্ছেন কুমান; যে কারণে অন্য মৌসুমের তুলনায় গোল কম পাচ্ছেন
অধিনায়ক। মাঝমাঠে কার্যকারিতা প্রমাণ করলেও মেসির মতকে গুরুত্ব দিয়ে তাকে সামনে খেলানোর
পক্ষে ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।
লিগে সবশেষ দুই
ম্যাচেই জিতেছে বার্সেলোনা। এখনও অনেক ম্যাচ বাকি থাকায় শিরোপার জন্য দলটি লড়াই করতে
পারে। রিভালদোর মতে, খেলোয়াড়দের ওপর চাপ কমাতে কুমানের উচিত ‘ম্যাচ বাই ম্যাচ’ এগোনো। খেলোয়াড়দের আত্মবিশ্বাস
বাড়াতে টানা জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
দলটির তরুণ মিডফিল্ডার
পেদ্রি ও স্বদেশি মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োকে নিয়েও কথা বলেন সাবেক এই মিডফিল্ডার।
ভবিষ্যতে পেদ্রি দলের গুরুত্বপূর্ণ অংশ হবে বলে তার বিশ্বাস।
“সোসিয়েদাদের বিপক্ষে আবারও শুরুর একাদশে ছিল তরুণ মিডফিল্ডার
পেদ্রি এবং আবারও দারুণ খেলেছে। সে খুবই মেধাবী খেলোয়াড় যে মাঠে নিজেকে প্রমাণ করে
চলেছে। দ্রুতই হয়তো সে দলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হবে।”
তবে ১৮ বছর বয়সী
পেদ্রির কাঁধে এখনই চাপের বোঝা না চাপিয়ে উন্নতির জন্য আরও সুযোগ করে দেওয়া উচিত বলে
মনে করেন রিভালদো। আশা করছেন আরেক মিডফিল্ডার কৌতিনিয়োর ছন্দে ফেরার।
“সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফর্মে ফিরতে লড়ছে কৌতিনিয়ো।
লিভারপুলে সে আলো ছড়িয়েছে এবং গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে,
তার কাছ থেকে আমরা তাই সবসময় আরেকটু বেশি আশা করি। আমার বিশ্বাস, দ্রুতই সে ভালো পারফর্ম
করতে শুরু করবে।”