ক্যাটাগরি

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের শুভেন্দু অধিকারী

কলকাতার দৈনিক আনন্দবাজার জানায়, এদিন শুভেন্দুকে নিয়েই মঞ্চে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে শুভেন্দুর হাতে পতাকা তুলে দেন অমিত। শুভেন্দুর সঙ্গে ছিলেন আরেক নেতা দিলীপ ঘোষ। শুভেন্দু ছাড়াও এদিন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন এবং বিরোধীদলগুলোর আরো একাধিক নেতা বিজেপিতে যোগ দেন।

মঞ্চে অমিত শাহকে ‘বড়ভাই’ বলে সম্বোধন করেন শুভেন্দু।

শুভেন্দু বলেন, ‘‘উত্তর প্রদেশে বিজেপির বড় জয়ের পর দিল্লিতে অমিত শাহের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে কখনোই বিজেপিতে যোগ দিতে বলেননি।

‘‘আমি যখন করোনা আক্রান্ত হয়েছিলাম তখন দলের কেউ আমার খোঁজ নেয়নি। তখন অমিত শাহ আমার খোঁজ নিয়েছেন। অথচ দলের জন্য আমি কি না করেছি, আমি তাদের জন্য অকৃতদার থেকেছি।”

তৃণমূল নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু আরো বলেন, ‘‘তৃণমূলের ব্যক্তিকেন্দ্রিকতায় আমার আত্মসম্মানে ঘা লেগেছে। মুকুল রায় আমাকে বলেছিলেন, আত্মসম্মান হারিয়ে দলে থাকিস না।

‘‘অনেকে বলছেন আমি মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার মা গায়েত্রী দেবী। আর এ দেশ আমার মা। আর কেউ আমার মা নন। আমি মনে প্রাণে চাই কলকাতা ও দিল্লিতে এক সরকারই থাকুক। মোদীর হাতে বাংলাকে তুলে না দিলে রাজ্যের সর্বনাশ হবে।”

তারপরই তিনি ‘তোলাবাজ ভাইপো হঠাও’ বলে স্লোগান দিয়ে উঠেন।