ক্যাটাগরি

করোনাভাইরাসে চিত্রসম্পাদক মিন্টুর মৃত্যু

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা গেছেন বলে তার সহকর্মী চিত্রসম্পাদক আবু মুসা দেবু জানান।

৮১ বছর বয়সী মিন্টু বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

আবু মুসা দেবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানা রোগের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখান থেকে আর ফিরলেন না।”

‘সারেং বউ’, ‘অঙ্গার’ ও গরীবের বউ’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রসহ দেড় শতাধিক চলচ্চিত্রের সম্পাদকের দায়িত্ব সামলানো মিন্টু চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

এর মধ্যে ১৯৮৬ সালে ‘আঘাত’, ১৯৮৭ সালে ‘অপেক্ষা’, ১৯৯০ সালে ‘গরীবের বউ’ ও ১৯৯৬ সালে ‘অজান্তে’ চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

২০০০ সালের পর চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

শনিবার যোহরের পর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে বলে জানান আবু ‍মুসা।

তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।