ক্যাটাগরি

রংপুরে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

শনিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ কালীগঞ্জ
গ্রামের ওই বাড়ি থেকে উদ্ধার করে লাশের সুরতহাল করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।

নিহত গৃহবধূ নাসরিন বেগম (৩০) ওই গ্রামের তালেব মিয়ার ছেলে রাজু মিয়ার
স্ত্রী। তাদের বছর পাঁচেক আগে বিয়ে হয়। রংপুর নগরীর দমদমা লক্ষণপাড়ার ইলিয়াছ মুনশির
মেয়ে তিনি।

মিঠাপুকুর থানা পুলিশের ওসি মো. আমিরুজ্জামান বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা
খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য নিহতের
লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রাজু ‘মাদকাসক্ত’ ছিল উল্লেখ করে নিহতের বাবা ইলিয়াছ মুনশির বলেন, “শনিবার
সকালে মেয়ের মৃত্যুর খবর জানতে পেরে জামাইয়ের বাড়িতে এসেছি। এখানে তো কেউ নেই। সবাই
পালিয়ে গেছে।”

তিনি জানান, বিয়ের পর থেকেই নাসরিনকে নির্যাতন করত রাজু। বিভিন্ন নারীর
সাথে রাজুর পরকীয়া সর্ম্পক ছিল।

সম্প্রতি গোপনে এক নারীকে বিয়ে করে। বিষয়টি জানাজানি হলে স্ত্রীর সাথে
ঝগড়া হয়। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বসে জানান তিনি।

নিহতের এক প্রতিবেশী জানান, গত শুক্রবার রাতে রাজু ও নাসরিনের মধ্যে ঝগড়া
শুনতে পেয়েছেন।

সকালে নাসরিনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এলাকাবাসী ও নিহতের পরিবারের দাবি, রাজু তার স্ত্রী নাসরিনকে পিটিয়ে হত্যা
করে ঘরের মধ্যে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।