ক্যাটাগরি

স্টার্লিংয়ের গোলে জয়ে ফিরল সিটি

প্রতিপক্ষের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে
১-০ গোলে জিতেছে ছয়বারের চ্যাম্পিয়নরা।

গত রাউন্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ১-১
ড্রয়ের আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল
সিটি।

আগের ম্যাচ থেকে চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামা সিটি
প্রথম দশ মিনিটে গোলের উদ্দেশে কোনো শট নিতে পারেনি। ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারতো
তারা। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে জোয়াও কানসেলোর শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান
গোলরক্ষক।

পঞ্চদশ মিনিটে রদ্রি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল
পায়নি সিটি। পরের মিনিটেই দলকে এগিয়ে নেন স্টার্লিং। ডি-বক্সের ডান দিক থেকে কেভিন
ডে ব্রুইনের বাড়ানো বলে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত ইংলিশ মিডফিল্ডার।

২১তম মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ পায় শেষ ১১
ম্যাচে মাত্র একটিতে হারা সাউথ্যাম্পটন। ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকটের শট ফিরিয়ে
জাল অক্ষত রাখেন সিটির গোলরক্ষক এদেরসন। বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল
স্বাগতিকরা, কিন্তু কাজে লাগতে পারেনি।

দ্বিতীয়ার্ধের প্রথম আট মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ
সুযোগ পায় সফরকারীরা। প্রথমে ফেররান তরেসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
পরে দুর্বল শটে হতাশ করেন বের্নার্দো সিলভা।

৭০তম মিনিটে ডে ব্রুইনের শট ফেরান গোলরক্ষক। একটু পর
ইলকাই গিনদোয়ানের প্রচেষ্টাও রুখে দেন তিনি।

যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর ভালো দুটি সুযোগ পেয়েছিলেন
দ্বিতীয়ার্ধে তরেসের বদলি নামা রিয়াদ মাহরেজ। দুবারই বল উড়িয়ে মারেন তিনি।

১৩ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে
সিটি। ১৪ ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে চারে সাউথ্যাম্পটন।

দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৭-০ গোলে
জেতা লিভারপুল ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।