ক্যাটাগরি

চট্টগ্রামে ভ্যান চালক হত্যায় দুই সহকর্মী গ্রেপ্তার

রোববার নগরীর রেল স্টেশন ও পাহাড়তলী
থানার আবদু পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পাহাড়তলী থানার ওসি হাসান
ইমাম জানান।

গ্রেপ্তারদের মধ্যে একজনের নাম আকাশ, বয়স ২০ বছর। অন্যজন ১৭ বছর বয়সী এক কিশোর।

নিহত আনোয়ারের মত তারাও আবুল খায়ের
গ্রুপের মেরিস সিগারেটের ভ্যান চালাতেন।

শনিবার রাতে পাহাড়তলী থানার সাগরিকা
রোডে ছুরিকাঘাতে খুন হন আনোয়ার। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ
অভিযানে নামে বলে ওসি হাসান ইমাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গভীর রাতে আবদু পাড়া এলাকা থেকে ১৭ বছর বয়সী ওই কিশোরকে
গ্রেপ্তার করা হয়। আর কিশোরগঞ্জে যাওয়ার চেষ্টার সময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে
আকাশকে গ্রেপ্তার করা হয়।”

ওসি জানান, গত ১৬ ডিসেম্বর পতেঙ্গা সৈকতে যাওয়া নিয়ে সহকর্মী ওই ভ্যানচালকদের
মধ্যে ‘মনোমালিন্য’ হয়।
তাদের কেউ কেউ সৈকতে গেলেও অন্যরা যাননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ক্ষোভ সৃষ্টি
হয়।

শনিবার দুই পক্ষ বিষয়টি মীমাংসার
জন্য সাগরিকা রোডে গিয়েছিল। সেখানে কথাকাটাকাটির মধ্যে আনোয়ারকে ছুরিকাঘাত করেন
রনি নামে তার আরেক সহকর্মী।

পুলিশ এখনও রনিকে গ্রেপ্তার করতে পারেনি
বলে জানিয়েছেন ওসি।