ক্যাটাগরি

উইলিয়ামসনের সেঞ্চুরির পর ওয়াটলিংয়ের লড়াই

মাউন্ট মঙ্গানুইতে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের রান ৪৩১। উইলিয়ামসন ১২৯ রানে ফেরার পর ওয়াটলিং খেলেন ৭৩ রানের ইনিংস।

পাকিস্তান রোববার দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৩০ রান তুলে।

বে ওভালের উইকেট এ দিন প্রথম দিনের মতো অতটা বোলিং সহায়ক ছিল না। অনেকটাই শুকিয়ে যাওয়া উইকেটে সিম মুভমেন্ট মিলেছে তুলনামূলক কম। বাউন্স যদিও কিছুটা অসমান ছিল। পাকিস্তানের বোলিং সেখানে খারাপ হয়নি। তবে কিউই ব্যাটসম্যানরা দারুণ খেলে চালিয়ে যান লড়াই।

৯৪ রানে দিন শুরু করেছিলেন উইলিয়ামসন। তিন অঙ্ক ছুঁতে তাকে অপেক্ষা করতে হয় দিনের অষ্টম ওভার পর্যন্ত। নাসিম শাহর বলে চোখধাঁধানো কাভার ড্রাইভে চার মেরে পা রাখেন তিনি তিন অঙ্কে।

২৬১ বলে স্পর্শ করেন তিনি শতরান, তার ২৩ টেস্ট সেঞ্চুরির মধ্যে এটিই মন্থরতম।

নিকোলস ফিফটি পেয়ে যান এর আগেই। জুটির শতরানও এসে যায়। দিনের প্রথম ঘণ্টা নিরাপদে কাটিয়ে দেন দুজন।

লড়িয়ে ফিফটির পর ওয়াটলিং। ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেটের টুইটার।

লড়িয়ে ফিফটির পর ওয়াটলিং। ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেটের টুইটার।

১৩৩ রানের জুটি ভাঙে নিকোলসের বিদায়ে। প্রথম পানি পানের বিরতির পর প্রথম বলেই নাসিম পাকিস্তানকে এনে দেন ব্রেক থ্রু। ৫৬ রানে শর্ট বলে পুল করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন নিকোলস।

একটু পরই আরেকটি বড় সাফল্য পায় পাকিস্তান। লেগ স্পিনার ইয়াসির শাহর দারুণ এক ডেলিভারিতে ১২৯ রানে স্লিপে ধরা পড়েন উইলিয়ামসন। শেষ হয় তার প্রায় ৮ ঘণ্টার লড়াই।

তবে কিউইদের লড়াই চলতেই থাকে। মিচেল স্যান্টনার ১৯ রান করে ফিরলেও কাইল জেমিসনের সঙ্গে সপ্তম উইকেটে ৬৬ রান যোগ করেন ওয়াটলিং। ছোট্ট ক্যারিয়ারে এর মধ্যেই ব্যাট হাতে দারুণ কার্যকারিতা দেখানো পেসার জেমিসন এবার করেন ৩২।

লোয়ার অর্ডারদের নিয়ে লড়াইয়ে আগেও দুর্দান্ত সব ইনিংস উপহার দেওয়া ওয়াটলিং আরেকটি দারুণ ইনিংসে দলকে পার করান চারশ। ৭৩ রানে তাকে থামিয়ে শাহিন শাহ আফ্রিদি দেখা পান চতুর্থ উইকেটের। আগের দিনের হতাশা পেছনে ফেলে ইয়াসির তৃতীয় উইকেট নিয়ে শেষ করেন কিউইদের ইনিংস।

পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুটা করে বেশ সাবধানে। দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলি প্রথম ১৫ ওভারে হারাননি উইকেট।

শুরুর সেই দৃঢ়তা শেষ হয় হতাশায়। কাইল জেমিসনের লেগ স্টাম্পের বলে আলগা শটে বিদায় নেন মাসুদ।

আরেক ওপেনার আবিদ ও নাইটওয়াচম্যান মোহাম্মদ আব্বাস এ দিন আর অস্বস্তিতে ফেলেননি দলকে। ১৫ বল খেলে রান না পেলেও উইকেট ছাড়েননি আব্বাস।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস : ১৫৫ ওভারে ৪৩১ (আগের দিন ২২২/৩) (উইলিয়ামসন ১২৯, নিকোলস ৫৬, ওয়াটলিং ৭৩, স্যান্টনার ১৯, জেমিসন ৩২, সাউদি ০, ওয়্যাগনার ১৯, বোল্ট ৮*; আফ্রিদি ৩৬-৭-১০৯-৪, আব্বাস ৩১-১৪-৪৯-১, ফাহিম ১৯-৮-৪০-১, নাসিম ২৫-৩-৯৬-১, ইয়াসির ৩৭-৪-১১৩-৩, মাসুদ ২-১-২-০, হারিস ৫-০-১৭-০)।

পাকিস্তান ১ম ইনিংস : ২০ ওভারে ৩০/১ (মাসুদ ১০, আবিদ ১৯*, আব্বাস ০*; সাউদি ৭-২-১৩-০, বোল্ট ৪-২-৮-০, জেমিসন ৬-৪-৫-১, ওয়্যাগনার ৩-১-৪-০)।