ক্যাটাগরি

কোভিড: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেদারল্যান্ডসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ডাচ ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস (সিবিএস) মঙ্গলবার মৃত্যুর এ তথ্য প্রকাশ করে জানায়, এবছর মৃত্যু বেড়ে যাওয়ার কারণ কোভিড-১৯ মহামারী।

এক কোটি ৭০ লাখ মানুষের দেশ নেদারল্যান্ডসে সাধারণত বছরে যত মানুষের মৃত্যু হয়, এবছর তার চেয়ে বাড়তি ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে মারা গেছে প্রায় এক লাখ ৬২ হাজার মানুষ।

সিবিএস থেকে বলা হয়, ‘‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মৃতের সংখ্যা কখনও এতটা বেড়ে যায়নি।”

সিবিএস-র প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের শুরু থেকে মে মাসের শুরু পর্যন্ত করোনাভাইরাস মহামারীর প্রথম ঢেউয়ের সময় স্বাভাবিকের চেয়ে প্রায় নয় হাজার মানুষ বেশি মারা গেছে।

মধ্য সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বাড়তি আরও প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়।

নেদারল্যান্ডসে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাত লাখ ৭০ হাজার ৪০০ জন। মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ।

তবে প্রকৃত আক্রান্ত এবং প্রকৃত মৃত্যুই উভয়ই তার চেয়ে বেশি বলে সিবিএস এর প্রতিবেদনে ধারনা প্রকাশ করা হয়।

কারণ, রোগ শনাক্তের উপকরণ এবং গবেষণাগারের অভাবে মহামারীর প্রথম দিকে শুধুমাত্র গুরুতর অসুস্থ রোগীরাই পরীক্ষার সুযোগ পেয়েছেন।