ক্যাটাগরি

রাউজানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

উপজেলার পৌরসভার চার
বটতল এলাকা থেকে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন-
আল আমিন আহমেদ (৩৫), আরিফা আফরোজ (২০), মাছুম হাসান (৩৫), সৈয়দা জবা (২০) ও মাইক্রোবাস
চালক ইলিয়াছ মজুমদার (৫৫)।

তাদের মধ্যে ইলিয়াছের
বাড়ি কুমিল্লায়, অন্যদের সবার বাড়ি ময়মনসিংহে। সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি, মাদক
পাচারসহ বিভিন্ন অপরাধ তারা করে বেড়াতেন বলে পুলিশ জানায়।

চট্টগ্রাম জেলার সহকারী
পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “গ্রেপ্তার পাঁচজন অনলাইন টিভি ও বর্তমান কথা নামে একটি পত্রিকার স্টিকার
লাগিয়ে একটি মাইক্রোবাসে করে পৌরসভার চার বটতল এলাকায় ৮০৮ নামে একটি ব্রিক ফিল্ডে গিয়ে
১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশনেরও হুমকি
দেয়।”

একই সময়ে তারা জেবিআই
নামে অন্য একটি ব্রিক ফিল্ড থেকেও ১২ হাজার টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির
কর্মকর্তারা।

সহকারী পুলিশ সুপার শামীম
জানান, স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাদের ধরে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় তারা নিজেদের
সাংবাদিক পরিচয় দিয়ে তাদের ছেড়ে দিতে অনুরোধ করেন।

তিনি বলেন, “গ্রেপ্তার
হওয়াদের মাইক্রোবাসে বর্তমান কথা ও দেশ টিভি বাংলা নামে একটি অনলাইন টেলিভিশনের স্টিকার
থাকলেও তাদের মোবাইল ফোনের পেছনে নিউজ বাংলা টিভির স্টিকার লাগানো ছিল। পাশাপাশি তারা
জবস টিভি ও দেশকাল নামে একটি পত্রিকার পরিচয়পত্র গলায় ঝুলিয়ে চাঁদাবাজি করতে গিয়েছিল।”

সহকারী পুলিশ সুপার শামীম
বলেন, “এ চক্রটির প্রধান আল আমিন। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে মাধ্যমিকের গন্ডি
পার হতে পারেনি। তার বিরুদ্ধে চট্টগ্রামের দুইটি থানায় মাদক পাচারের অভিযোগে মামলাও
আছে।”

এই চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠানে
সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে জানান তিনি।

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে
৮০৮ ব্রিক ফিল্ডের ব্যবস্থাপক সুমন দেবনাথ বাদী হয়ে রাউজান থানায় মামলা করেছেন। এ মামলায়
মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।