ক্যাটাগরি

রাষ্ট্রপতির কাছে মালদ্বীপের নতুন দূতের পরিচয়পত্র পেশ

মঙ্গলবার বিকেলে মালদ্বীপের
নতুন দূত বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে তিনি বলেন, “রাষ্ট্রপতি নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, ‘মালদ্বীপ বাংলাদেশের
অন্যতম বন্ধু রাষ্ট্র। শুরু থেকেই দু-দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার
যা কালের পরিক্রমায় বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।’

“রাষ্ট্রপতি বলেন,
‘চিকিৎসা, কারিগরি, প্রযুক্তিসহ উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে এখন অনেক উন্নতমানের
প্রতিষ্ঠান রয়েছে। মালদ্বীপের শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ গ্রহণ করতে
পারে।’ তিনি নবনিযুক্ত হাই কমিশনারকে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।”

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ
তৈরি পোশাক, ওষুধ, সিরামিকস, পাট ও পাটজাত, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্যসহ
আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য উৎপাদন করে। মালদ্বীপ বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি
করতে পারে, তাতে দুই দেশের বাণিজ্যিক ভারসাম্য বজায় থাকার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যও
বহুগুণে বৃদ্ধি পাবে।

উভয় দেশের মধ্যে সরকারি-বেসরকারি
সফর বিনিময়ের ওপরও গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ ও মালদ্বীপ
যে জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিতে আছে, সে কথা তুলে ধরে এ সমস্যার সমাধানে
বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যৌথ প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

করোনাভাইরাস মহামারীকালে
মালদ্বীপে চিকিৎসক দল পাঠানোসহ বিভিন্ন সহায়তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন মালদ্বীপের হাই কমিশনার। তিনি দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক
সহযোগিতা প্রত্যাশা করেন।

অন্যদের মধ্যে রাষ্ট্রপতির
কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এবং সচিব
(সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।