সিএমপি কমিশনার সালেহ
মোহাম্মদ তানভীর বুধবার এসব নির্দেশনার কথা জানান ।
তিনি বলেন, থার্টি
ফাস্ট নাইট উদযাপনের নামে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদে
ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনো ধরনের উৎসব আয়োজন করা যাবে না। পাশাপাশি সন্ধ্যা
ছয়টা থেকে পারকী এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় কোনো পর্যটককে অবস্থান করতে দেওয়া
হবে না।
নববর্ষ উদযাপনের নামে
কোনো ধরনের পটকা কিংবা আতশবাজি না ফোটানোর নির্দেশনা দিয়ে তিনি জানান, কোনো ভবনের
ছাদে আতশবাজি কিংবা পটকা ফোটানো হলে সে ভবনের মালিকের বিরুদ্ধে ববস্থা নেবে পুলিশ।
আনন্দ উদযাপনে শালীনতা
ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে সালেহ মোহাম্মদ তানভীর বলেন, “যারা ইংরেজি নববর্ষ
উদযাপন করতে চায় তাদের নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। সীমিত
আকারে ঘরোয়া কোনো আয়োজন করা হলে সেসব অনুষ্ঠানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে,
যাতে নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়।”
নববর্ষের অনুষ্ঠানে
কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান সিএমপি কমিশনার।
নির্দেশনার মধ্যে আরও
রয়েছে- বুধবার বিকাল থেকে ১ জানুয়ারি সকাল ১০ পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়ান্ত্র বহন
করা যাবে না।
৩১ ডিসেম্বর সন্ধ্যা
৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বার বন্ধ রাখতে হবে, ডিজে পার্টি করা যাবে না।
রাত ১০টার পর নগরীর সব ফাস্টফুড দোকান বন্ধ রাখতে হবে।
এছাড়াও উচ্চস্বরে গাড়িতে
হর্ন না বাজানো এবং বেপোরোয়া গতিতে গাড়ি চালাতেও নিষেধ করা হয়েছে নির্দেশনায়।
নির্দেশনা অমান্যকারীদের
বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এবং কোনো ঘটনা ও দুর্ঘটনার জন্য জাতীয় জরুরি সেবা
নম্বর ৯৯৯ কিংবা সিএমপির নিয়ন্ত্রণ কক্ষের ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩২৫, ০৩১-৬৩০৩৭৫, ০৩২০০৫৭৯৯৮
নম্বরে ফোন করার জন্য অনুরোধ করেছেন সিএমপি কমিশনার।