ক্যাটাগরি

বার্সার লিগ জয়ের সম্ভাবনা দেখছেন না কুমান

কাম্প নউয়ে মঙ্গলবারের লিগ ম্যাচটি ১-১ ড্র হয়। নিজেদের ভুলে পিছিয়ে পড়ার পর বদলি নামা উসমান দেম্বেলের গোলে হার এড়ায় কাতালান দলটি।

শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে পয়েন্ট তালিকার ছয়ে নেমে গেছে বার্সেলোনা। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে ৭ পয়েন্টে। ম্যাচও দুটি কম খেলেছে দিয়েগো সিমেওনের দল।

বারবার হোঁচট খাওয়া তার দলের পক্ষে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতাটা যে কঠিন, ম্যাচ শেষে অকপটেই স্বীকার করলেন কুমান। তবে এখনই আশা হারাচ্ছেন না তিনি।

“বাস্তবিকভাবে, চ্যাম্পিয়নশিপ জেতা আমাদের পক্ষে খুব কঠিন।”

“কোনো কিছুই অসম্ভব নয়; তবে আতলেতিকোর সঙ্গে পয়েন্টের বড় ব্যবধানটাও আমাদের স্বীকার করতে হবে। তারা দারুণ ফর্মে আছে, শক্তিশালী দল হয়ে উঠেছে, প্রচুর ম্যাচ জিতছে এবং খুব বেশি গোলও হজম করছে না।”

সবশেষ ১২ আসরের আটটিতেই শিরোপা জিতেছে বার্সেলোনা। কুমানের অনুমান সত্যি হলে ২০০৭-০৮ মৌসুমের পর এবারই প্রথম টানা দুই আসর লিগ শিরোপা ছাড়াই কাটবে দলটির।

এইবারের বিপক্ষে বার্সেলোনা খেলতে নেমেছিল অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া। ফাঁকা গ্যালারিতে বসে সতীর্থদের একের পর এক সুযোগ হাতছাড়া করতে দেখেন অধিনায়ক। ম্যাচের শুরুর দিকে পেনাল্টি মিস করেন মার্টিন ব্রাথওয়েট। কয়েকবার ভালো সুযোগ পেয়েছিলেন দেম্বেলে।   

তবে আবারও তারা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ। সঙ্গে যোগ হয় রক্ষণের ভুলে গোল হজম।

মাঝমাঠের কাছে রোনালদ আরাহোর অমার্জনীয় ভুলে বল ধরে অনেকটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে সফরকারীদের এগিয়ে নেন কিকে গার্সিয়া। এর ১০ মিনিট পর সমতা টানেন দেম্বেলে। এরপরেও যথেষ্ঠ সময় ছিল পুরো ৩ পয়েন্ট অর্জনের।

ঘরের মাঠে আগের ম্যাচেও ভালেন্সিয়ার বিপক্ষে ড্র করেছিল বার্সেলোনা। এইবারের বিপক্ষেও পয়েন্ট হারানোটা মানতে পারছেন না কুমান।

“শুরুতে গোল করাটা সবসময় দারুণ, কারণ তাতে দল আরও আত্মবিশ্বাসের সঙ্গে ও স্বচ্ছন্দে খেলতে পারে। তবে আরও গোল করার মতো যথেষ্ঠ সুযোগ আমাদের ছিল।”

“ড্র ন্যায্য ফল নয়, তবে প্রায়ই এমনটা আমাদের সঙ্গে ঘটছে। মাঠে সবকিছুই আমরা বাজেভাবে সামাল দিচ্ছি এবং আবারও একটি ভুলে আমরা পিছিয়ে পড়েছিলাম, যার মূ্ল্য আমাদেরকে দিতে হয়েছে। আমি কাউকে দোষ দিতে চাই না তবে এগুলোই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

মেসির অভাবটাও তুলে ধরলেন মৌসুমের শুরুতে কোচ হয়ে ফেরা বার্সেলোনার সাবেক এই ফুটবলার।

“আমরা লিওর অভাব বোধ করেছি, বছরের পর বছর যে ব্যবধান গড়ে দিয়েছে। তারপরও ম্যাচটি জিততে না পারায় আমি অবাক হয়েছি। আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছি, একটি পেনাল্টি মিস করেছি এবং এরপর তাদের গোল উপহার দিয়েছি, যা ছিল ম্যাচে তাদের একমাত্র সুযোগ।”

আগামী রোববার পয়েন্ট তালিকার তলানির দল স্বাগতিক ওয়েস্কার বিপক্ষে খেলবে বার্সেলোনা।