সন্ত্রাসবাদে অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার লস্কর ই তৈয়বা নেতা জাকিউর রহমান লাকভিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তানের একজন কাউন্টার টেররিজম কর্মকর্তা জানিয়েছেন।
লাকভিকে নির্দিষ্ট কোনো জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) একজন মুখপাত্র বলেন, “নিষিদ্ধ সংগঠন লস্কর ই তৈয়বার নেতা জাকিউর রহমান লাকভিকে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।”
জঙ্গি তৎপরতার জন্য তহবিল সংগ্রহ ও বিতরণের উদ্দেশ্যে এই সন্দেহভাজন একটি ওষুধের দোকান চালাচ্ছিল বলে জানান ওই মুখপাত্র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি নিষেধাজ্ঞা কমিটি জানিয়েছে, লাকভি লস্কর ই তৈয়বার অভিযান বিষয়ক প্রধান এবং তিনি চেচনিয়া, বসনিয়া, ইরাক ও আফগানিস্তানসহ অন্যান্য দেশ ও অঞ্চলের জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত।
ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, মুম্বাই হামলার একমাত্র জীবিত বন্দুকধারী তার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে জিজ্ঞাসাবাদকারীদের বলে গেছেন, আক্রমণকারীরা লাকভির সংস্পর্শে ছিলেন।
২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যিক রাজধানীতে চালানো ওই হামলায় ১৬৬ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছিলেন।
লাকভিকে বিচারের মুখোমুখি করার জন্য ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু ইসলামাবাদ বলছে, লস্করের এ নেতাকে বিচারের মুখোমুখি করার মতো বাস্তব প্রমাণ সরবরাহ করেনি দিল্লি।
লাকভিকে ২০০৮ সালে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরে জামিনে মুক্তি দেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আগামী সপ্তাহে তার মামলার শুনানি হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন লাকভির আইনজীবী ইমরান গিল।
হাফিজ সাইদ মুম্বাই হামলার আরেকজন ‘মাস্টারমাইন্ড’ বলে জানিয়েছে ভারত। সন্ত্রাসবাদে অর্থায়নের দুটি অভিযোগে গত বছর পাকিস্তানের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। সাইদ মুম্বাই হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।