ক্যাটাগরি

৫ ওভারেই সেঞ্চুরি করতে পারেন ডি ভিলিয়ার্স!

কামিন্স সময়ের সেরা বোলারদের একজন। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকেন নিয়মিতই। তাকে জিজ্ঞেস করা হলো তার চোখে কঠিনতম ব্যাটসম্যানের নাম। অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার সেই প্রশ্নের উত্তরেই বললেন ডি ভিলিয়ার্সের সামর্থ্যের কথা।

“ বলতেই হবে, আমি যাদের বল করেছি, তাদের মধ্যে সবচেয়ে কঠিন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। বিশেষ করে ২০১৮ সালের টেস্ট সিরিজে…। ওই সিরিজে তাকে মনে হয়েছে আর সবার চেয়ে অনেক জাতের। মনে হতো, যে কোনো সময় সে টি-টোয়েন্টির ঘরানায় ব্যাটিং শুরু করতে পারে এবং লোয়ার অর্ডারদের সঙ্গে সে যখন ব্যাট করে, আমার মনে হয়, ৫ ওভারের মধ্যেই সেঞ্চুরি করে ফেলতে পারে সে। কঠিনতম ব্যাটসম্যান তাই তাকেই বলতে হবে।”

২০১৮ সালের ওই সিরিজে ৪ টেস্টে ৪২৭ রান করেছিলেন ডি ভিলিয়ার্স, গড় ছিল ৭১.১৬।

এবারই প্রথম নয়, কামিন্স আগেও ডি ভিলিয়ার্সের অবিশ্বাস্য ব্যাটিং সামর্থ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নানা সময়ে। গত আইপিএলের সময় বলেছিলেন, ডি ভিলিয়ার্সের সামনে কখনও কখনও কতটা অসহায় থাকেন বোলাররা।

“ সে মহাতারকা। আমি যাদের বল করেছি, তাদের মধ্যে সব সংস্করণেই সেরা সে। কোনো দুর্বলতা নেই তার। কেউ যদি ১৮০ কিলোমিটার গতির ইয়র্কার করে, সেটিতেও ছক্কা মারার পথ বের করে নেবে সে। অনেক সময় তার ব্যাটিং দেখে স্রেফ তালি দেওয়া ছাড়া উপায় থাকে না। আমার ভেতরের অর্ধেক ভাগ খুশি যে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। বাকি অর্ধেকটা বলে, ‘এই লোকটি স্পেশাল একজন।”