ক্যাটাগরি

অধ্যাপক আহমদ কবির আর নেই

রোববার সন্ধ্যায় ঢাকার ল্যাবএইড
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ৭৬ বছর বয়সী আহমদ কবির ক্যান্সারে আক্রান্ত
ছিলেন।

তার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান
ও প্রকৌশল বিভাগের অধ্যাপক উপমা কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই সপ্তাহ
আগে বাবার ক্যান্সার ধরা পড়ে। আজকে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন।”

রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের
ফুলার রোডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

উপমা কবির বলেন, সোমবার সকাল
৮টায় অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে যাওয়া হবে, সেখানে যারা তাকে শেষবারের মতো দেখতে
চান দেখতে পারবেন। এরপর চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

অধ্যাপক আহমদ কবির স্ত্রী,
তিন মেয়ে রেখে গেছেন। তার তিন মেয়েই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের
শিক্ষক।

আহমদ কবির ১৯৪৪ সালে চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছাড়া
জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বাংলা বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাহিত্যতত্ত্ব, সাহিত্যের রূপরীতি ও মধ্যযুগীয় সাহিত্যের
উপর পাঠদান ও গবেষণা করেছেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাপিডিয়া
ও ‘হিস্ট্রি অব বেঙ্গল’ গ্রন্থের ভাষা সম্পাদনা করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা
কেন্দ্রের পরিচালক ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থার পরিচালকের দায়িত্বও
পালন করেন তিনি।

অধ্যাপক আহমদ কবিরের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, “অধ্যাপক আহমদ কবির ছিলেন একজন শিক্ষাবিদ
ও গবেষক। তিনি ছিলেন সমাজ ও সাহিত্য বিশ্লেষণ ও পর্যালোচনায় সিদ্ধহস্ত। সৃজনশীল আধুনিক
বাংলা সাহিত্যচর্চা ও সম্পাদনায় তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। শিক্ষা প্রসারে ও সাহিত্যচর্চায়
অসামান্য অবদানের জন্য গুণী এই শিক্ষাবিদ স্মরণীয় হয়ে থাকবেন।”