ক্যাটাগরি

কভার্ড ভ্যানে গাঁজা, ঢাকায় গ্রেপ্তার ২

রোববার মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গাঁজাসহ ওই কভার্ডভ্যানটি আটক করা হয় বলে গোয়েন্দা
পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান।

গ্রেপ্তার দুজন হলেন: রুবেল সরকার (৩৫) এবং কভার্ড ভ্যানের চালক সুমন মিয়া (২৪)। 

গোয়েন্দা কর্মকর্তা হাফিজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন খবরের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ ওই কভার্ড ভ্যানে তল্লাশি করে।

“কভার্ড ভ্যানের ভিতরে অভিনব কৌশলে একটি গোপন কুঠুরি তৈরি করেছিল তারা। গাড়ির ড্যাশবোর্ড থেকে বিশেষ একটি সুইচের মাধ্যমে ওই কুঠুরির হাইড্রোলিক দরজা খোলা বা লাগানো যেত। মাদক পরিবহনের জন্য গাড়ির ওই গোপন কুঠুরি ব্যবহার করা হত।”

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক চোরাকারবারিদের মাধ্যমে ওই গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতে নিয়ে
এসেছিল বলে ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে’।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।