সকালে ঘুম তেকে উঠে প্রত্যাশা থাকে ফুরফুরে
মেজাজে দিন শুরু করার। তবে তখনই যদি মাথাব্যথা দেখা দেয় সেক্ষেত্রে পুরো দিনটাই মাটি
হতে পারে।
আর এই সমস্যাটা অনেকেরই হতে দেখা যায়।
মাথাব্যথা একদিকে যেমন সাধারণ একটা সমস্যা, অপরদিকে তা যদি নিয়মিত ঘটতে থাকে তবে তা
গুরুতর কোনো সমস্যার পূর্বাভাসও হতে পারে।
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদন অবলম্বনে জানানো হল সকালে ঘুম ভাঙার পর মাথাব্যথা দেখা দেওয়ার সম্ভাব্য কয়েকটি
কারণ সম্পর্কে।
ঘুমের সমস্যা:
সকালে মাথাব্যথা হওয়ার সবচাইতে বড় সম্ভাব্য কারণ আগের রাতে যথেষ্ট ঘুম না হওয়া। বিভিন্ন
কারণেই একরাত নির্ঘুম কাটতে পারে, যার ফলাফল হিসেবে পরদিন মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া,
চোখ লাল হয়ে থাকা ইত্যাদি সমস্যা হতে পারে। আবার সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর পরও সকালে
যদি শরীর ক্লান্ত থাকে তবে বুঝে নিতে হবে আপনার ঘুম গভীর হয়নি। সেক্ষেত্রে প্রথমেই
খুঁজে বের করতে হবে আপনার অজান্তেই কী কারণে ঘুম গভীর হচ্ছে না এবং সেই সমস্যার অবসান
ঘটাতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মাইগ্রেইনের সমস্যা: প্রায়ই যদি মাথাব্যথায় ভোগেন তবে হতে পারে আপনার ‘মাইগ্রেইন’য়ের সমস্যা দেখা
দিয়েছে। বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ ‘মাইগ্রেইন’য়ের রোগীর মাথাব্যথা দেখা দেয় সকালে
কিংবা রাতে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ‘মাইগ্রেইন’য়ের ব্যথা দেখা দেয়। তাই সকালের
মাথাব্যথাটা ‘মাইগ্রেইন’য়ের কারণে হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই
সমস্যাকে নিয়ন্ত্রণে রাখার সঠিক উপায় জানতে চিকিৎসকের পরামর্শ ছাড়া উপায় নেই।
ঘাড়ের পেশির ওপর ধকল: বালিশের সমস্যা কিংবা বেকায়দায় ঘুমানোর কারণে ঘাড়ের কোনো পেশির
ওপর যদি রাতের লম্বা একটা সময় টান পড়ে থাকে, তবে সেটা থেকেও ঘাড় আটকে যাওয়া, মাথাব্যথা
ইত্যাদি দেখা দিতে পারে। নিজের জন্য আরামদায়ক বালিশ বেছে নিতে হবে। বেড়াতে গিয়ে ভিন্ন
বিছানায় ঘুমানোর কারণে অনেকের এই সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে পরিস্থিতি পুরোপুরি আপনার
নিয়ন্ত্রণে না থাকলেও আপনার জন্য বালিশের উচ্চতা কতটুকু হওয়া উচিত সেটা জানা থাকলে
অস্বস্তি এড়ানো সম্ভব।
ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষা: ঘুমের মধ্যে এই কাজ কোনো কারণে করতে থাকলে ধকল যায় ‘টেম্পোরোম্যান্ডিবুলার
জয়েন্ট (টিএমজি)’য়ের ওপর। এটি চোয়ালের নিচের অংশকে দুই কানের সামনে থাকা মাথার খুলির
অংশে জুড়ে রাখে। ঘুমের মধ্যে লম্বা সময় এই পেশিতে টান পড়ে থাকলে সেখান থেকেও মাথাব্যথা
হতে পারে। পাশাপাশি চোয়াল নাড়াতেও ব্যথা অনুভব করতে পারেন।
হতে পারে সাংঘাতিক কিছু
সাধারণ এই কারণগুলোই সকালের মাথাব্যথার
ব্যাখ্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে বিরল কিছু ক্ষেত্রে এর পেছনে গুরুতর কারণও পেয়েছেন
চিকিৎসকরা।
যেমন মস্তিষ্কে ‘টিউমার’ হলে সেটার বাড়তি
চাপ থেকে সকালে মাথাব্যথা হতে পারে। ‘টিউমার’ যদি ফুলে থাকে, তবে তা মস্তিষ্কের চাপ
সৃষ্টি করে, যে কারণে দিনে একাধিকবার মাথাব্যথা দেখা দিতে পারে। তবে এটি অত্যন্ত বিরল
ঘটনা, তাই সকালে মাথাব্যথা করলেই ভড়কে যাবেন না। প্রায় সকালেই মাথাব্যথা হলে চিকিৎসকের
পরামর্শ নিন।
আরও পড়ুন
শীতে হাড়ের ব্যথা থেকে রক্ষা পাওয়ার তিন উপায়
মাইগ্রেইনের ব্যথা দূরে রাখার খাবার
পেশিতে ব্যথা ও টান লাগার ঘরোয়া সমাধান