ক্যাটাগরি

ফের যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার হলেন পেলোসি

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাবে সে সিদ্ধান্তের অপেক্ষা ও রিপাবলিকানদের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার মতো রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রোববার অল্প ব্যবধানে জয় পান পেলোসি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের ১১টি আসন হারিয়েছে। এরপরও দলটি পরিষদে সংখ্যাগরিষ্ঠা ধরে রাখলেও ব্যবধান কমে ২২২-২১২তে দাঁড়িয়েছে।

স্পিকার নির্বাচনের ভোটাভুটিতে পেলোসির পক্ষে পড়ে ২১৬ ভোট, বিপক্ষে ২০৯।

পাঁচ জন ডেমোক্র্যাট প্রতিনিধি তাকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেন। এদের মধ্যে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেননি এমন ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ভোট দেন।

স্পিকার নির্বাচিত হওয়ার পর ফ্লোরে দেওয়া বক্তৃতায় পেলোসি বলেন, “কঠিন একটি সময়ে আমরা নতুন কংগ্রেস শুরু করছি। এখন আমাদের জাতির ক্ষত নিরাময় করার সময়। করোনাভাইরাসকে পরাজিত করাই আমাদের সবচেয়ে জরুরি অগ্রাধিকার আর এটিকে আমরা পরাজিত করবোই।”  

নিজের বক্তব্যে কোভিড-১৯ মহামারীতে যুক্তরাষ্ট্রের সাড়ে তিন লাখ নাগরিকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেন তিনি।   

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেস ডিসেম্বরে ৮৯২ বিলিয়ন ডলারের একটি ত্রাণ প্যাকেজে অনুমোদন দিয়েছে, এ রকম আরও ত্রাণের প্রতিশ্রুতি দিয়েছেন পেলোসি।

মঙ্গলবার জর্জিয়া রাজ্যের দুটি সিনেট আসনে রানঅফ নির্বাচন হবে। এই দুটি আসনের ফলাফলেই নির্ধারিত হবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে না ডেমোক্র্যাটদের হাতে যাবে।