ক্যাটাগরি

জাপানের শীর্ষ সুমো কুস্তিগীর করোনাভাইরাসে আক্রান্ত

গন্ধের অনুভূতি হারিয়ে যাওয়ার পর মঙ্গোলিয়ায় জন্ম নেওয়া এ কুস্তিগীর কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা করান বলে জানিয়েছে জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ)।

বিবিসি জানিয়েছে, এমন এক সময়ে হাকুহোর দেহে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব মিলল যখন শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানী টোকিও এবং এর আশপাশে জরুরি অবস্থা ঘোষণার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপান।

কিছু দেশের তুলনায় সংক্রমণের মাত্রা বেশি হলেও জাপানে এখন পর্যন্ত বিধিনিষেধ তুলনামূলক বেশ শিথিল। মহামারীর মধ্যেও দেশটিতে সুমো কুস্তির মতো বিভিন্ন খেলাধুলা চালু ছিল; যে কারণে খেলোয়াড়দের অনেকেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত বছরের মে মাসেও ২৮ বছর বয়সী এক জাপানি সুমো কুস্তিগীর করোনাভাইরাসের কারণে অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে মারা যান।

দীর্ঘ সময় ধরে জাপানের সুমো কুস্তিতে শীর্ষস্থান ধরে রাখা ৩৫ বছর বয়সী হাকুহো নিউ ইয়ার গ্র্যান্ড সুমো টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রোববার থেকে টোকিওতে ওই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাকুহোকে এখন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলতে হবে; তার শিবিরের অন্য কুস্তিগীরদের দেহেও ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে জেএসএ।

মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা রাজধানী টোকিও ও এর আশপাশে জরুরি অবস্থা দেওয়া হবে কিনা বৃহস্পতিবার সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।

দেশটিতে এখন পর্যন্ত প্রায় দুই লাখ ৪৯ হাজার মানুষের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, মৃত্যু ছাড়িয়েছে সাড়ে তিন হাজার। আক্রান্ত ও মৃত্যুর এ সংখ্যা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের মতো দেশগুলোর তুলনায় অনেক কম হলেও জাপানের সরকার সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে খুবই উদ্বিগ্ন।

সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ায় জাপানে চলতি বছর টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকের মতো আয়োজনগুলো করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ বাড়ছে। এ আয়োজনগুলো গত বছর হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

জাপান সরকার অবশ্য এ আয়োজনগুলোর ব্যাপারে এখনও আশাবাদী। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী সুগা বলেছেন, খেলার আয়োজনগুলো ‘নিরাপদ ও সুরক্ষিতভাবেই’ অনুষ্ঠিত হবে।