ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সেনেটর ২ আসনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনের ৯৬ শতাংশ ভোট গণনা শেষে একটি আসনে রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডুকে প্রতিদ্বন্দ্বী জন অসফের চেয়ে কয়েকশ ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।

অন্য আসনে ডেমোক্র্যাট প্রার্থী রেভরেন্ড রাফায়েল ওয়ারনক রিপাবলিকান কেলি লেফলারের চেয়ে এগিয়ে আছেন, যদিও দুইজনের ভোটের ব্যবধান এক শতাংশেরও কম; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তা জর্জিয়ার এ দুই আসনের ফলের উপরই নির্ভর করছে।

ডেমোক্র্যাটরা দুটি আসনই ছিনিয়ে নিতে পারলে উচ্চকক্ষে ডেমোক্র্যাট-রিপাবলিকান সদস্য সংখ্যা দাঁড়াবে ৫০-৫০। কোনো বিলে যদি ভোটের পরিমাণও এমন হয়, তখন নিয়ম অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ‘সিদ্ধান্তমূলক ভোটটি’ দেওয়ার সুযোগ পাবেন।

তেমনটা হলে ২০ জানুয়ারি শপথ নিতে যাওয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে তার সংস্কার পরিকল্পনা কার্যকরে আর রিপাবলিকানদের শক্ত বাধার মুখে পড়তে হবে না। এবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভেও ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আগেরবারের চেয়ে দুর্বল।

অন্যদিকে রিপাবলিকানরা জর্জিয়ার একটি আসন ধরে রাখতে পারলেও সেনেট তাদের নিয়ন্ত্রণে থাকবে; সেক্ষেত্রে নতুন ডেমোক্র্যাট প্রেসিডেন্টের রাজনৈতিক ও আইনি যেকোনো নিয়োগ তারা চাইলেই আটকে দিতে পারবে।

বুথফেরত বেশ কয়েকটি জরিপেও জর্জিয়ায় দুই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বলে আভাস দেওয়া হয়েছিল। 

পারডু, অসফ, ওয়ারনক, লেফলার- এ চার প্রার্থীর কেউই গত ৩ নভেম্বরের ভোটে সরাসরি নির্বাচিত হতে প্রয়োজনীয় ৫০ শতাংশ সমর্থন পাননি। তাই জর্জিয়ার নির্বাচনী আইনানুযায়ী, দ্বিতীয় দফায় ভোট করতে হয়েছে।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনেও জর্জিয়ায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত বাইডেন ১২ হাজারেরও কম ভোটে ক্ষমতাসীন ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে ১৯৯২ সালের পর প্রথম কোনো ডেমোক্র্যাট হিসেবে এ রিপাবলিকানঘেঁষা রাজ্যটিতে জয়লাভ করেন।