ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র সেনেটের ২ আসনের একটিতে ডেমোক্র্যাটদের জয়

মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেলি লেফলারকে হারিয়েছেন ওয়ারনক।

দুই দশক পর রিপাবলিকানঘেঁষা রাজ্যটিতে সেনেটে কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাজ্যটির দুইটি সেনেট আসনের অপরটিতে ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ এগিয়ে থাকলেও রিপাবলিকান ডেভিড পারডুর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

৯৮ শতাংশ ভোট গণনা শেষে ওয়ারনককে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে থাকতে দেখা গেলেও অসফ ও পারডুর মধ্যে ব্যবধান মাত্র তিন হাজার ৫৬০ বলে জানিয়েছে এডিসন রিসার্চ।

মঙ্গলবারের এ সেনেট নির্বাচনে প্রায় ৪৫ লাখ ভোটার তাদের রায় জানিয়েছেন; রান-অফ ভোটের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড।

৩ নভেম্বরের নির্বাচনে জর্জিয়ার এ আসন দুটির কোনোটিতেই কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় মঙ্গলবার এ রান-অফ ভোট হল।

সেনেটের এ ভোটকে ঘিরে নভেম্বরের পর থেকে বিজ্ঞাপন বাবদ প্রায় অর্ধশত কোটি ডলার খরচ হয়েছে; প্রচারে দক্ষিণপূর্বাঞ্চলের এ রাজ্যটিতে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ২০ জানুয়ারি শপথ নিতে যাওয়া নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকেও।

যে সামান্য কিছু এলাকার ভোট গণনা এখনও বাকি রয়েছে তার মধ্যে বেশিরভাগ এলাকাতেই নভেম্বরের নির্বাচনে জো বাইডেন জিতেছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

জর্জিয়ার রাজ্য সচিব ব্র্যাড রাফেনস্পারগার বলেছেন, বুধবার সকালে বাকি ভোটগুলো গণনা হবে।

“আশা করছি দুপুরের মধ্যেই আমরা কোথায় আছি সে সম্বন্ধে একটা ধারণা মিলবে,” সিএনএনকে এমনটাই বলেছেন তিনি।

মঙ্গলবার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় রেভারেন্ড ওয়ারনক বলেছেন, “আমাদের বলা হয়েছিল, আমরা এ নির্বাচনে জিততে পারবো না। কিন্তু আজ রাতে আমরা প্রমাণ করেছি আশা, পরিশ্রম ও জনগণকে আমাদের পক্ষে নিয়ে এলে যে কোনো কিছুই সম্ভব। কে কাকে ভোট দিয়েছে এটা ব্যাপার নয়, আমি সেনেটে যাবো জর্জিয়ার সবার জন্য কাজ করতে।”

সেনেটে বসলে তিনিই হবেন জর্জিয়া থেকে উচ্চকক্ষে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ; আর অসফ জিতলে তিনি হবেন মার্কিন সেনেটের সবচেয়ে কমবয়সী সদস্য।

জর্জিয়ার এই দুটি আসন ডেমোক্র্যাটরা ছিনিয়ে নিতে পারলে তা নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের জন্য অভ্যন্তরীণ বিভিন্ন সংস্কার কার্যক্রম ও পরিকল্পনা বাস্তবায়নের পথ সহজ করে দেবে। সেনেট এখন ডেমোক্র্যাট সদস্য সংখ্যা ৪৬ হলেও স্বতন্ত্র দুই সদস্য বার্নি স্যান্ডার্স ও অ্যাঙ্গাস কিংয়ের ভোট প্রায়ই তাদের পক্ষে যায়।

মঙ্গলবারের নির্বাচনের দুটি আসন ডেমোক্র্যাটরা পেলে সেনেটে যে কোনো বিলে ভোটের ক্ষেত্রে ফলাফল ৫০-৫০ এ দাঁড়াতে পারে; সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার ‘সিদ্ধান্তমূলক ভোট’ দেওয়ার সুযোগ পাবেন।