ক্যাটাগরি

জর্জিয়ার জয়ে সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

এতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয়কক্ষে ডেমোক্র্যাট আধিপত্য নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের উচ্চাভিলাষী আইনি এজেন্ডা বাস্তবায়নের পথ প্রশস্ত হল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

মঙ্গলবারের ওই রান অফ নির্বাচনে একটি আসনে ডেমোক্র্যাট রাফায়েল ওয়ারনক দায়িত্বরত রিপাবলিকান সেনেটর কেলি লেফলারকে পরাজিত করেছেন। মার্টিন লুথার কিং জুনিয়রের সাবেক গির্জার ব্যাপ্টিস্ট ধর্মপ্রচারক ওয়ারনক জর্জিয়া থেকে মার্কিন সেনেট যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ।

রাজ্যটির অপর আসনে রিপাবলিকান ডেভিড পারডুকে হারিয়ে ৩৩ বছর বয়সী তথ্যচিত্র নির্মাতা ডেমোক্র্যাট জন অসফ সেনেটের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন।   

স্থানীয় সময় বুধবার ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

এই জয়ের ফলে সামান্য ব্যবধানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাচ্ছেন ডেমোক্র্যাটরা। ফলে ২০ জানুয়ারি বাইডেন ক্ষমতা গ্রহণের পর তার পক্ষে উদারপন্থি বিচারকদের নিয়োগ দেওয়া, করোনাভাইরাস ত্রাণ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন বিষয়ক অগ্রাধিকারমূলক আইনি এজেন্ডাগুলো বাস্তবায়ন সহজ হবে।

এই জয়ের পর এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “গতকাল জর্জিয়ার ভোটাররা পরিষ্কার একটি বার্তা দিয়েছে: আমরা যে সংকটগুলোর মুখোমুখি হয়েছি সেগুলোর বিষয়ে পদক্ষেপ চান তারা এবং তা এখনই চান।”

জর্জিয়ার এই ফলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করল। ১৯৩২ সালের পর তিনই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এক মেয়াদের মধ্যেই হোয়াইট হাউস ও কংগ্রেসের উভয়কক্ষে নিজ দলের ভরাডুবির কারণ হলেন।

ডেমোক্র্যাটরা জর্জিয়ার এই দুটি আসন পাওয়ায় সেনেট এখন ডেমোক্র্যাট সদস্য সংখ্যা ৪৮ হলেও স্বতন্ত্র দুই সদস্য বার্নি স্যান্ডার্স ও অ্যাঙ্গাস কিংয়ের ভোট প্রায়ই তাদের পক্ষে যায়।

এরপর থেকে সেনেটে যে কোনো বিলে ভোটের ক্ষেত্রে ফলাফল ৫০-৫০ এ দাঁড়াতে পারে; সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার ‘সিদ্ধান্তমূলক ভোট’ দেওয়ার সুযোগ পাবেন।