বিএলআরআই মহাপরিচালক নাথু রাম সরকার
মৎস্য ও প্রাণি সম্পদ
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়কে কমিটির আগামী
বৈঠকে প্রতিবেদন দিতে বলেছে।
বৃহস্পতিবার সংসদীয়
কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
জানতে চাইলে কমিটির
সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএলআরআইয়ের গবেষণা
ও ডিজির বিরুদ্ধে কিছু অনিয়ম নিয়ে আলোচনা হয়েছে। আমরা মন্ত্রণালয়ের সচিবকে সার্বিক
বিষয়ে তদন্ত করে আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলেছি।”
বিএলআরআইয়ের মহাপরিচালক
নাথু রাম সরকার বৈঠকে উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো কথা বলেননি।
নথু রাম সরকারের সঙ্গে
যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সংসদীয় কমিটি যেহেতু সচিব
স্যারকে এ বিষয়ে দায়িত্ব দিয়েছেন, আমার এ নিয়ে কথা বলা উচিত হবে না।”
এদিকে সংসদ সচিবালয়ের
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভ স্টক অ্যান্ড ডেইরি
ডেভেলপমেন্ট প্রকল্প (এলডিডিপি) নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনকে
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের ওপর আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে
বলা হয়।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকল্পে তদারকি জোরদার
করার সুপারিশ করা হয়।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর
সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, মো. শহিদুল ইসলাম
(বকুল), ছোট মনির, নাজমা আকতার, শামীমা আক্তার খানম ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ
করেন।