ক্যাটাগরি

বেনাপোল সিঅ্যান্ডএফ এর নির্বাচন করতে সরকারি চাপ

রেজিস্ট্রার
অব ট্রেড ইউনিয়ন খুলনার পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বেনাপোল কাস্টমস
ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মেয়াদ গত বছরের ১২ মার্চ শেষ
হয়েছে।

‘নির্ধারিত
সময়ে নির্বাচন সম্পন্ন না হওয়া’ ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্র এবং শ্রম আইন পরিপন্থি
উল্লেখ করে ‘ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন বাতিল যোগ্য অপরাধ’ বলাও হয়েছে চিঠিতে।

মন্ত্রিপরিষদ
বিভাগের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এই
অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ৪৫ দিনের মধ্যে করতে নির্দেশ দেওয়া
হয়েছে চিঠিতে।

ঢাকা, চট্রগ্রাম,
খুলনা, ভোমরাসহ দেশের ৭৮১ জন ব্যবসায়ী
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও ভোটার।

বেনাপোল
বন্দরের এ ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়া লাইসেন্স নিয়ে
কাজ করে থাকেন। বন্দরে আমদানিকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধি
হিসেবে সরকারের রাজস্ব পরিশোধ করে পণ্য ছাড়ের কাজ তাদের হাতেই।


চিঠি পাওয়ার কথা
স্বীকার এ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৬ নভেম্বর
ইস্যুকৃত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর চিঠিটি
তারা ৬ ডিসেম্বর হাতে পান। বর্তমান কার্যনির্বাহী কমিটির
সদস্যদের তা জানানোও হয়েছে।

সিঅ্যান্ডএফ ‘বেত্রাবতী
এজেন্সির’ মালিক শহীদ লাল বলেন, নিয়মিত
ভোটের চর্চা না থাকলে ভোটারদের কদর থাকে না।

“এছাড়া মহামারী চলছে ৯ মাস ধরে। যেহেতু করোনার সময় স্বাস্থ্য
সুরক্ষা ব্যবস্থা নিয়ে দেশে জাতীয়সহ অন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাই সিঅ্যান্ডএফ
নির্বাচন করতে খুব একটা বিপত্তি ঘটবে না। বাণিজ্যিক স্বার্থে দ্রুত
নির্বাচন হওয়া দরকার।”

বেনাপোল
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, সাংবিধানিক
জটিলতার কারণে মামলা থাকায় নির্দিষ্ট সময়ে নির্বাচন করা সম্ভব হয়নি। 

দেশব্যাপী
ছড়িয়ে থাকায় ভোটাদের অনেকে মহামারীর পরিস্থিতিতে নির্বাচন করতে অনিচ্ছুক উল্লেখ
করে তিনি বলেন,
“এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে
বেনাপোলে আসতে হয়। এখনো অনেকে করোনা আক্রান্ত।

তবে
শ্রম মন্ত্রণালয়ের চিঠির পাওয়ার পর নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে জানিয়ে
তিনি বলেন, যদি জটিলতা নিরসন হয় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সব
ধরনের চেষ্টা থাকবে। এ ব্যাপারে কার্যনির্বাহী কমিটির সভা ডেকে খুব
দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।