ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর জা রওশন আরা ওয়াহেদ আর নেই

রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম হোসেন বিন জুম্মন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জের নিজের বাড়িতে রওশন আরা ওয়াহেদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর; বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রওশন আরা ওয়াহেদ রানী, ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রওশন আরা ওয়াহেদ রানী, ফাইল ছবি

রওশন আরা ওয়াহেদের স্বামী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ কানু মিয়া ছিলেন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জুম্মন জানান, সোমবার জোহরের পর পীরগঞ্জ সরকারি স্কুল মাঠে এবং আসরের পর উপজেলার ফতেপুর জয়সদন মাঠে রওশন আরার জানাজা হবে। পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।

রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এক যৌথ বিবৃতিতে রওশন আরা ওয়াহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।