ক্যাটাগরি

লাদাখে আটক সেনাকে চীনের কাছে ফিরিয়ে দিল ভারত

ভারতের সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “৮ জানুয়ারি ২০২১- এ ধরা পড়া পিপলস লিবারেশন আর্মি অব চায়নার (পিএলএ) এক সেনাকে আজ চুশূল-মোল্ডোতে সকাল ১০ টা ১০ মিনিটে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে।”

চীন গত শনিবারই সীমান্ত বরাবর এলাকায় নিখোঁজ হয়ে যাওয়া ওই সেনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভারতীয় ভূখণ্ডে তাদের সেনার ভুল করে ঢুকে পড়ার বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকেও জানিয়েছিল চীন।

লাদাখ অঞ্চলে প্যাংগং শো হ্রদের দক্ষিণে ওই চীনা সেনা ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

সম্প্রতি কয়েকাসের মধ্যে এটি সেনা ফিরিয়ে দেওয়ার দ্বিতীয় ঘটনা।

এর আগে গত অক্টোবরে দক্ষিণ লাদাখের চুমার-ডেমচক এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল চীনের আরেক সেনা। সেসময়ও ভারত কয়েকদিনের মধ্যেই সেই সেনাকে ফিরত দিয়েছিল।

লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সেনারা সম্প্রতি কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে। গত জুনে দু’পক্ষে ভয়াবহ সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। চীনা পক্ষেও ঘটেছিল হতাহতের ঘটনা।

চীন এবং ভারত দুপক্ষই তখন থেকে লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনের পথ খুঁজছে। তবে আলোচনার মধ্য দিয়ে উত্তেজনা নিরসনে অগ্রগতি হচ্ছে সামান্যই।

শীতের এই সময়ে চীন এবং ভারত দুই পক্ষই সীমান্তের দুই পারে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে।