সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের বাংলায়’ শিরোনামে ওই তথ্যচিত্র প্রকাশের কথা জানানো হয়।
রোববার বাংলাদেশ উপ-হাই কমিশন, কলকাতা প্রযোজিত ৭ মিনিট ২৮ সেকেন্ডের তথ্যচিত্রটির ওয়েব ফাইল উন্মোচন করেন উপ-হাই কমিশনার তৌফিক হাসান।
এ সময় দৈনিক সংবাদ পত্রিকার যুদ্ধকালীন প্রতিনিধি প্রখ্যাত সাংবাদিক বিকচ চৌধুরী, উপ-হাই কমিশনের কর্মীএবং কলকাতার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৯৭২ সালে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মিয়াওয়ালী কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন, অতঃপর দিল্লি হয়ে বাংলাদেশে ফেরার পথে কলকাতাবাসীর আবেগের জায়গা থেকে প্রখ্যাত গীতিকার আবিদুর রহমানের কথায় প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুধীন দাশগুপ্তের সুরে ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের বাংলায়’ এ ঐতিহাসিক গানটি সৃষ্টি হয়।
তথ্যচিত্রটিতে ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের বাংলায়’ গানের মূল শিল্পী কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায় ১৯৭২সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণ করে মহান নেতাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার লন্ডনে গমন, সেখানে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে সাক্ষাৎ, সংবাদ সম্মেলন, দিল্লীতে যাত্রাবিরতি, গার্ডঅব অনার ও বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ কর্তৃক বঙ্গবন্ধুকে অভিবাদন, ঢাকা অবতরন, রেসকোর্স ময়দানেঐতিহাসিক সমাবেশে বঙ্গবন্ধুর আবেগাপ্লুত ভাষণ, যুদ্ধবিধস্ত বাংলাদেশের পুনর্গঠন ও বিভিন্ন দেশের সঙ্গেকূটনৈতিক সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ভূমিকাসহ বিভিন্ন দুর্লভ মুহূর্ত এই তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে।
ইতোপূর্বে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রখ্যাত সুরকার অশোকভদ্র সুরারোপিত এবং গীতিকার প্রিয় চট্টোপাধ্যায় রচিত ‘সোনার বাংলাদেশ’ শিরোনামে একটি গানের ভিডিওচিত্রনির্মাণ করেছে।
কলকাতার কণ্ঠশিল্পী সৈকত মিত্র, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা, রূপঙ্কর বাগচী, জোজো মুখার্জি এবংআকাশ সেন এতে কণ্ঠ দিয়েছেন।