মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও প্রধান আসামি খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন।
তা মঞ্জুর করে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করে দেন।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার কাজ চলছে।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এদিন সময়ের আবেদনের ওপর শুনানি করেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়।
ওই বছর ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।