ক্যাটাগরি

জমির বিরোধে সাতক্ষীরায় কৃষককে পিটিয়ে হত্যা

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেয়াড়া মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কলারোয়া থানার ওসি খায়রুল কবির জানান।

নিহত আমজেদ গাজী (৫১) ওই গ্রামের ওমর আলীর ছেলে।

নিহতের ছেলে সুমন বলেন, “সকালে তার চাচাতো ভাইরা হঠাৎ করে তাদের উপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার বাবাকে মেরে ফেলে।”

এ ঘটনায় আরও দুজন আহত হলে তাদের চিকিৎসার জন্য কলারোয়া হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান সুমন।

ওসি খায়রুল বলেন,“ আত্মীয়-স্বজনদের সঙ্গে আমজেদ গাজীর জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। আর এরই জের ধরে এ হত্যার ঘটনাটি ঘটেছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।