মঙ্গলবার আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের হাই কমিশন ২৬ জানুয়ারি ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে
প্রথমবারের মতো বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি
সমন্বিত কন্টিনজেন্টকে (ম্যাচিং ব্যান্ডসহ) প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণের
জন্য আমন্ত্রণ জানিয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত
কুচকাওয়াজে অংশগ্রহণের উদ্দেশে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র
বাহিনীর ১২২ সদস্যের একটি সমন্বিত কন্টিনজেন্ট কর্নেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরীর
নেতৃত্বে মঙ্গলবার ভারতের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
আইএসপিআর জানায়, কুচকাওয়াজ
অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট ৩০ জানুয়ারি বাংলাদেশ ফিরে আসবে।
কুচকাওয়াজে অংশগ্রহণের
মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে বলে আশাবাদ
ব্যক্ত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।