ক্যাটাগরি

টিকা কেনা-বিতরণে স্বচ্ছতা দাবি টিআইবির

কোভিড-১৯ এর চিকিৎসা
কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জরুরি কেনাকাটার নামে স্বাস্থ্য খাতে ‘দুর্নীতি হয়েছে’
বলে অভিযোগ করেছে টিআইবি। এখন দুর্নীতির পুনরাবৃত্তি এড়াতে টিকা কার্যক্রমে যে কোনো
মূল্যে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে প্রযোজ্য আইন ও বিধি অনুসরণের কথা বলেছে সংস্থাটি।

ভারতের সেরাম ইনস্টিটিউট
থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা দ্রুত সংগ্রহের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ
জানিয়েছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক
ইফতেখারুজ্জামান বলেন, টিকার প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের
পক্ষ থেকে যেভাবে বাণিজ্যিক চুক্তিটিকে দুই দেশের জি-টু-জি বলার চেষ্টা চালিয়েছে তা
অনভিপ্রেত।

“এছাড়া ভারতে টিকার
অনুমোদনের পরদিনই দ্রুত গতিতে টিকার অনুমোদন দেওয়া হয়। এতে ঔষধ প্রশাসনের বিদ্যমান
আইন কতটা মানা হয়েছে, কোন কোন নথির ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।”

সরাসরি কেনা টিকার
জন্য বেক্সিমকোকে তাদের খরচ ও কমিশন বাবদ মূল্য দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে
টিআইবি।

বিবৃতিতে ইফতেখারুজ্জামান
বলেছেন, “কোন নীতি বা প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত হয়েছে, এর পেছনের যুক্তি বা
বিবেচনা কী ছিল, তাও পরিষ্কার নয়।

“এটি যে কোনো পর্যায়ের
সরকারি কেনাকাটায় স্বচ্ছতার পরিপন্থি। মনে রাখা জরুরি, অতিমারী যেন কোনোভাবেই কারো
জন্য অন্যায় সুবিধার মাধ্যমে পকেটপূর্তির উৎসবে পরিণত না হয়।”

সরকার জনসংখ্যার ৮০
শতাংশ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা করলেও এর প্রয়োগ নিয়ে আরেক দফা বিভ্রান্তি
তৈরির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইফতেখারুজ্জামান।